
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তিনটি ছাত্রাবাসের প্রায় ১০০টি কক্ষে ভাঙচুর চালানো হয়।
মঙ্গলবার (১২এপ্রিল) রাতে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মজনু মিয়া ও সাধারণ সম্পাদক মাইদুল ইসলামের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে পুলিশের কোতয়ালী থানার বাবুপুরা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. রাজীব মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, হোস্টেলগুলোতে আধিপত্য বিস্তার নিয়ে মজনু মিয়া ও মাইদুল ইসলামের অনুসারীরা হোস্টেলগুলোর বিভিন্ন কক্ষে ভাঙচুর চালান। হামলায় চারতলা প্রধান ছাত্রবাসে প্রায় ৫০টি, ছয়তলা ইন্টার্ন হোস্টেলে ৬টি ও ছয়তলা আলাউদ্দিন হোস্টেলে ৪০টি কক্ষ ভাঙচুর চালানো হয়েছে।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মজনু মিয়ার দাবি, সাধারণ সম্পাদক গ্রুপ বহিরাগতদের নিয়ে হোস্টেলে এ হামলা চালিয়েছে।
একই দাবি তুলে মাইদুল ইসলাম বলেন, মজনু মিয়া বহিরাগতদের নিয়ে এই হামলা চালিয়েছে।
এদিকে, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হোস্টেল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে সংঘর্ষের ঘটনায় আজ বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন হোস্টেল সুপার ডা. সুদীপ দাস গুপ্ত।



