
বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্য সংকট চলছে, পাকিস্তান ও শ্রীলঙ্কায় সংকট চলছে। সে তুলনায় বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৬ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
কাদের বলেন, বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্য সংকটের মধ্যে আছে। এছাড়া পাকিস্তান-শ্রীলঙ্কায় যে অচলাবস্থা চলছে সে তুলনায় বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। বিএনপি নেতারা যেসব কথা বলেন, তাদের সমালোচনা শুনে কোন লাভ নেই।
সেতুমন্ত্রী বলেন, আমরা পদ্মা সেতু বানানোর জন্য কারও কাছ থেকে এক পয়সা ঋণ নেই নি। পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে শতভাগ দুর্নীতিমুক্তভাবে। আশা করছি আসছে জুন মাসের মধ্যেই আমরা এটি উদ্বোধন করতে পারব।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিপক্ষ দল বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনার এসব সমালোচনা বাদ দিন আর আগামী নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিন। বিশ্বের অন্য দেশগুলোর মত বাংলাদেশেও আগামী জাতীয় নির্বাচন সংবিধান মেনেই হবে। নির্বাচন সুষ্ঠু করতে দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। তাদের অধীনে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবকিছুই। তাই আসুন আমরা সমালোচনা না করে নির্বাচনে লড়াই করি।



