

নিজস্ব প্রতিবেদক:সরকারের নির্বাহী আদেশে মুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার। সাবেক এই প্রধানমন্ত্রী খুবই অসুস্থ বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম।
বুধবার (১৬ মার্চ) সকালে গণমাধ্যমকে সেলিমা বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো নয়। পা ফুলে গেছে। কোমরে ব্যথা, পিঠে ব্যথা আছে। তার এখনও কোনো কিছুই ঠিক হয়নি।
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চাওয়ার বিষয়টি আবেদনে উল্লেখ করা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সে ব্যাপারটি উল্লেখ আছে বোধ হয়। চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়া খুবই দরকার। কিন্তু সরকার অনুমতি না দিলে কীভাবে যাবে। সেটাই হচ্ছে কথা।
এর আগে মঙ্গলবার খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগের মতোই বাসায় ম্যাডামের চিকিৎসা চলছে। তিনি আগের মতোই আছেন।


