মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন লেখেন, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।
পোস্টে তিনি আরও লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষকে এ বিষয়ে উল্লাস প্রকাশ করতে দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা যেন জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেন, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা জানালেও মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইশরাক। তিনি বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। এ ছাড়া পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
এর আগে রোববার (১৮ অক্টোবর) বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরে ইশরাক হোসেন ওই খবরকে গুজব বলে উল্লেখ করেন এবং সবাইকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান।
গত শনিবার (১৭ অক্টোবর) নিজের সংসদীয় আসন ঢাকা-৬-এর আওতাধীন রাজধানীর গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় অভিযান চালান ইশরাক হোসেন। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
অভিযানের সময় তাঁর অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরপরই তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর ছড়িয়ে পড়ে।
তবে পদত্যাগের বিষয়ে ইশরাক হোসেনের চূড়ান্ত ঘোষণা এবং এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান কী হবে, তা জানতে দুপুর ২টার সংবাদ সম্মেলনের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।









