মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ইস্যুতে ঢাকা সিটি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন ইশরাক হোসেন। একই সঙ্গে সাম্প্রতিক গুলির ঘটনা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেছেন, ‘আমি তো কারও জমি দখল করতে যাইনি, কারও কাছ থেকে চাঁদা নিতে যাইনি। তো সমস্যা কোথায়?’
সেদিনের ঘটনা সম্পর্কে ইশরাক বলেন, তাঁরা সেখানে অবস্থান করার সময় ছাদ থেকে দুটি গুলি ছোড়া হয়। এ ছাড়া তাঁদের প্রবেশের সময় একসঙ্গে ২৫ থেকে ৩০ জনকে বেরিয়ে আসতে দেখেন তাঁরা। তাঁর ভাষ্য, নিরাপত্তাকর্মীদের চিৎকার-চেঁচামেচির মধ্যে তিনি মনে করেছিলেন, কেউ অস্ত্র বের করছেন। এ কারণে তিনি কোমর থেকে পিস্তল বের করেন।
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে ইশরাক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকায় দল তাকে কাজ করার সুযোগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, জাতীয় পর্যায়ে যেন তাঁর কারণে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সেটি বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নিয়েছেন।
ঢাকার নগর ব্যবস্থাপনা প্রসঙ্গে ইশরাক বলেন, রাজধানীর বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ঢাকা সিটি করপোরেশনের সঙ্গে আটটি মন্ত্রণালয়ের অধীনে ৪০টির বেশি প্রতিষ্ঠান কাজ করে। ফলে নগরীর সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জরুরি।
তিনি আরও বলেন, ঢাকার সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। রাজধানীকে ঘিরে প্রধানমন্ত্রীরও কিছু পরিকল্পনা রয়েছে। নিজের কর্মকাণ্ডের পক্ষে অবস্থান তুলে ধরে ইশরাক দাবি করেন, বাংলাদেশের বেশির ভাগ মানুষ তাঁর কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে দেখছেন।
প্রেক্ষাপট: ১৭ অক্টোবর ঢাকার গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাকের উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশ তদন্তের উদ্যোগ নিয়েছে।









