
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নিয়ে কটুক্তির অভিযোগে নোয়াখালীর উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে তাদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তাদের অব্যাহতি দেওয়া হয়। একইসঙ্গে তাদেরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
নুরুল আমিন রুমি বলেন, গত শুক্রবার এক ইফতার অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নানাধরণের কুরূচিপূর্ণ ও কটুক্তিমূলক বক্তব্য দেন ধানসিড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান মুনাফ এবং চাপরাশিরহাট ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক হানিফ বিএসসি।
তাদের এ বক্তব্যের ফলে দলের ভাবমূর্তি নষ্ট এবং নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় যার ফলে দলীয় আলোচনা শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, মন্ত্রীকে নিয়ে কটুক্তিকারী দু’জনকে উপজেলা থেকে অব্যাহতি ও স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগের কাছে আবেদন করা হয়েছে।
তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। অন্যথায় দলের গঠনতন্ত্র অনুযায়ী যা শাস্তি হবে তা গ্রহণযোগ্য হবে।



