প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহার ও লিখিত জবাব চেয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নাহিদ ইসলামকে এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৩০ অক্টোবর প্রচারিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজি, লুটপাট করার জন্য তারেক রহমান দেশে এসেছেন। দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই।’

আইনজীবী হাবিবুর রহমানের দাবি, বক্তব্যটি তাঁর দৃষ্টিগোচর হওয়ার পর তিনি বিব্রত, ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছেন। তাঁর মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ করে এমন অবাস্তব ও কাল্পনিক মন্তব্য গ্রহণযোগ্য নয়। এ বক্তব্যের জন্য নাহিদ ইসলামকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

নোটিশে বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে লিখিত জবাব না দিলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।