

কয়েকদিন আগের ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘাত হয়। এতে প্ররোচনা দেওয়ার অভিযোগে বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুলকে গ্রেফতার করার প্রতিবাদে আগামী ২৬ এপ্রিল দেশের সকল মহানগরগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
বিষয়টি নিয়ে শনিবার (২৩ এপ্রিল) দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি এ সময় বলেন, সংঘর্ষকালীন সময়ে পুলিশের ভূমিকা এবং পরবর্তীতে অনাহুত নিজেদের গা বাঁচাতে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার ও মামলা দায়েরের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার আবারও প্রমাণ করল যে, তাঁরা ভয় দেখিয়ে, নির্যাতন ও হত্যার মাধ্যমে ক্ষমতায় চিরস্থায়ীভাবে টিকে থাকতে মরিয়া।
মির্জা ফখরুল আরও বলেন, নিউমার্কেটের সংঘর্ষের ঘটনার সত্যতা উদঘাটনের জন্য বিএনপি দলীয়ভাবে একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করবে।



