
চাঁদপুরের কচুয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য আরেক বিএনপি নেতাকে দায়ী করেছেন মিলন।
সোমবার (২৫ এপ্রিল) কচুয়া উপজেলা সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় বিএনপি কচুয়া উপজেলার বদরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে। একই সময় স্থানীয় ছাত্রলীগের পক্ষ থেকেও ইফতারের আয়জন করা হয়। সংঘাত হতে পারে এমন ধারণার ভিত্তিতে দু’পক্ষের এ আয়োজন বন্ধের নির্দেশনা প্রদান করে পুলিশ। তবুও ছাত্রলীগের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বদরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে সরে গিয়ে পার্শ্ববর্তী এলাকায় ইফতারের আয়োজন করে। সেই ইফতার মাহফিলে যাওয়ার সময় হামলার শিকার হন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। এ সময় গাড়িতে তার সহধর্মিণী কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবি ছিলেন।
কারা এ হামলা চালিয়েছে এমন প্রশ্নের জবাবে মিলন বলেন, মালয়েশিয়া প্রবাসী কেন্দ্রীয় বিএনপির সদস্য মোশারফ হোসেনের ইন্ধনে এ হামলা চালানো হয়েছে। আমি হামলাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করছি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন বলেন, আমরা মিলন সাহেবকে অনুরোধ করেছিলাম এ পথ ব্যবহার না করার জন্য। তবুও তিনি এই পথ দিয়েই এসেছেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়েছি তাকে হামলা থেকে রক্ষা করার জন্য। তবে হামলাকারীদের চিহ্নিত করতে আমাদের প্রচেষ্টা অব্যহত আছে।
উল্লেখ্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে নিষ্ক্রিয় থাকার অভিযোগে সম্প্রতি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে দলের নির্বাহী সদস্য করা হয়েছে।



