
দেশের সড়কের অবস্থা এখন পূর্বের চেয়েও অনেক ভালো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় মন্ত্রী সবাইকে নিজ দায়িত্বে রং সাইডে গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
শুক্রবার (২৯ এপ্রিল) গাবতলী বাস টার্মিনাল এলাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বছরের ৩৬৫ দিনেই তো আপনারা আয় করে থাকেন। করোনার প্রকোপ থাকায় গত ২ বছর মানুষ পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপন করতে গ্রামে যেতে পারেনি। যেহেতু এবার কোন বিধিনিষেধ নেই সুতরাং এবার যাত্রীচাপ বাড়বে। তাই আমি বলবো আপনারা অতিরিক্ত ভাড়া আদায় ও অযথা যাত্রী হয়রানি থেকে বিরত থাকুন।
কাদের আরও বলেন, এখন আমাদের সড়কের অবস্থা পূর্বের চেয়েও অনেক ভালো। আমরা সড়কের সকল সমস্যা কাটিয়ে উঠেছি, এবার আর সেই সংকট নেই।
ওবায়দুল কাদের আরও বলেন, আশা করছি এবার কোন ভোগান্তি ছাড়াই মানুষ গ্রামের বাড়ি যেতে পারবে। সবাই যদি নিজ নিজ দায়িত্ব পালন করেন তাহলে কোন ধরনের ঝামেলা হবে না। কেউ যেন অযথা রং সাইডে গাড়ি না চালায়।



