দেশের সড়ক ব্যবস্থা অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো হওয়ায় ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা এবার স্বস্তিতে কাটবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর মহাখালীর আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, দেশের সড়ক ব্যবস্থা অতীতের যেকোনো সময়ের চেয়ে উন্নত ও ভালো। আগে ঈদের সময় গাজীপুরের যেসব জায়গায় দীর্ঘ যানজটের সৃষ্টি হত, সেসব জায়গায় এবার নির্বিঘ্নে গাড়ি চলছে। ফলে ঈদে ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা এবার স্বস্তিতেই কাটবে।

citytouch 728-X-90

প্রতি বছর ঈদ এলেই পরিবহনগুলো যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করে। এই বিষয়ে ওবায়দুল কাদের বলেন, গতকালও (শুক্রবার) গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে চারটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। যাত্রী হয়রানি বন্ধ করতে প্রতিটি বাস টার্মিনালে বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত রয়েছে। কোনো যাত্রী অভিযোগ জানালেই ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

গতকালের জরিমানার পর আজও গাবতলীতে কয়েকটি পরিবহন যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ মিথ্যা নয়, এটা মিথ্যা মনে করার কোনো অবকাশও নেই। আমি এখনই বিআরটিএ’র চেয়ারম্যানকে বিষয়টি জানাচ্ছি, যাতে তিনি নজরদারি বৃদ্ধি করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।