
সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হয়েছেন প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কেন্দ্রীয় শহীদ মিনরে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় মুহিতের মরদেহ। এর আগে গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়।
এদিকে প্রিয় নেতাকে শেষবার দেখতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন রাজনীতিবিদ, সরকারি আমলা, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনেকে প্রিয় নেতাকে দেখতে এসে কান্নাও ধরে রাখতে পারেননি।
মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, গুলশানে জানাজা শেষে মুহিতের মরদেহ সংসদ ভবনে নেওয়ার কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। তাই গুলশান থেকে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়।
তিনি আরো জানান, সর্বসাধারণের শ্রদ্ধা শেষে মুহিদের মরদেহ সড়ক পথে তার গ্রামের বাড়ি সিলেটে নেওয়া হবে। পরদিন রোববার (১ মে) জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে বর্ষিয়ান এই রাজনীতিবিদ মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৮ বছর।


