

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে আমরা দেশের অর্থনীতিতে অনন্য অবদান রাখা একজন প্রাজ্ঞ, বিজ্ঞ, ভদ্র মানুষকে হারালাম।
শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্যপ্রয়াত প্রবীণ এই রাজনীতিকের কফিনে পুষ্পস্তবক অর্পণকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ভব্যতা-ভদ্রতাসহ অনেক কিছু তার কাছে শেখার ছিল উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, কনিষ্ঠ ও অনুজদের মুহিত ভাই যেভাবে আপন করে নিতেন, তা ছিল অভাবনীয়। তার মৃত্যু আমাদের দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি।
ড. হাছান বলেন, বাংলাদেশ যে আজকে স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, সমস্ত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ যে আজকে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, এক্ষেত্রে অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বাত্মক সহায়তা করেছেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী উল্লেখ করেন, আবুল মাল আবদুল মুহিতের মাধ্যমে দেশে মোট ১২টি বাজেট পেশ হয়েছে। যার মধ্যে আওয়ামী লীগ সরকারের দশটি বাজেট দিয়েছেন এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ এবং প্রাজ্ঞ মানুষটি। আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।



