
বিএনপিকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কাদের বলেন, একটি শক্তিশালী বিরোধীদলকে সংসদে স্বাগত জানাতে চাই, আমরাও চাইবো বিরোধীদলের স্ট্যান্ড থাকুক।
রোববার (৮ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
অনির্বাচিত সরকারকে ক্ষমতা ছাড়তে হবে- মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা পুরোনো কথা, নতুন কিছু নয়। নির্বাচিত-অনির্বাচিত এসব কথা বলে কোন লাভ নেই। তাদের লোকও সংসদে আছেন। সংসদে বিএনপি সদস্যদের পাঠিয়েছে, তারা কি অনির্বাচিত? স্পিকার তাদেরকেও কথা বলার সুযোগ দেন। প্রধানমন্ত্রীও চান তারা আসুক। ফখরুল সাহেব নিজেই গুরুত্বহীন হয়েছেন, তিনিও সংসদে থাকলে জোরালোভাবে সংসদে কথা বলতে পারতেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী খোলা মনে বলেছেন সব দল নির্বাচনে আসুক। বিএনপিসহ সব দলকে নিয়েই ভোট করতে চাই। নিশ্চয়তা দিচ্ছি নির্বাচন ফেয়ার হবে। ইভিএমে ভোট হবে, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে।


