
বাংলাদেশ ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এই তিন সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মেলনের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১০ মে) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে দলের সম্পাদকমণ্ডলীর সভায় এ নির্দেশনা দেন ওবায়দুল কাদের।
বৈঠকে থাকা একাধিক নেতা দূরবীন নিউজকে এ বিষয়টি জানান।
বৈঠকে উপস্থিত সম্পাদকমণ্ডলীর এক সদস্য দূরবীন নিউজকে জানান ,সহযোগী সংগঠন ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে দলের সভাপতি তারিখ নির্ধারণ করবেন।
বৈঠক সূত্র থেকে জানা যায়, ছাত্রলীগের সম্মেলনের জন্য সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সাথে সভাপতি-সাধারণ সম্পাদককে আজ-কালের মধ্যে তারিখ নির্ধারণ করে আওয়ামী লীগের দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ দেন তিনি।
এছাড়া মেয়াদোত্তীর্ণ হওয়ায় যুব মহিলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলনের নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন উপলক্ষে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে। ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের দায়িত্ব দেয়া হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে।
সম্মেলন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের তথ্য হালনাগাদ করার দায়িত্ব দেওয়া হয়েছে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে।



