

পরিবার চাইলে আগামী সোমবারের (১৬ মে) পর হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রি. জে. ডা. নজরুল ইসলাম খান এ তথ্য জানান।
সকালে বিএসএমএমইউ’এর সি ব্লকের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এ সময় জানানো হয়, যেহেতু সম্রাট প্রায় ২১ দিন সুস্থ আছেন তাই চিকিৎসক বোর্ড আবার রিভিউ করবে। তারপর সম্রাটের পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশেও নিয়ে যেতে পারবে।
সংবাদ সম্মেলনে বিএসএমএমইউয়ের কার্ডিওলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রায়হান মাসুম মন্ডল জানান, ১৬ মে আবার সম্রাটের শরীরের পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরের সর্বশেষ অবস্থা জানাতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউ হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ, সহকরী পরিচালক ডা. এহসানুল কবির, ডা. এনায়েত তুষার, ডা. মোহাম্মদ কুতুব উদ্দিন প্রমুখ।



