
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ মনে করে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে মির্জা ফখরুলসহ বিএনপির টপ টু বটম (শীর্ষ থেকে নিম্ন) নেতাদের পদত্যাগ করা উচিত।
বৃহস্পতিবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মন্ত্রী তাঁর বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের এত সব উন্নয়ন অর্জন বিএনপি চোখে দেখে না। তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পায়। হুংকার ও হাকডাক দিয়ে লাভ নেই। দেশের জনগণকে দেখাবার মতো আপনাদের (বিএনপি) এমন কোন উন্নয়ন নেই। তাই বার বার সরকারের পদত্যাগ দাবি না করে নিজেরা পদত্যাগ করুন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির শাসনামলে দেশে ২৪ ঘণ্টাই লোডশেডিং ছিল, বর্তমানে শেখ হাসিনা সারা দেশ আলোয় আলোকিত করেছেন। বিএনপি নেতাদের চোখে ছানি পড়েছে। এত উন্নয়ন, অর্জন শুধু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই সম্ভব হয়েছে। দেশের চলমান উন্নয়ন ও অর্জন ধরে রাখতে হলে আওয়ামী লীগকে আবারও ক্ষমতা রাখতে হবে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এখন থেকেই দলকে সুসংগঠিত হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দলে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ,মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই রাখা যাবে না। ত্যাগী নেতাকর্মীদের দলে মূল্যায়ন করতে হবে, বসন্তের কোকিলরা দুঃসময়ে থাকবে না। সুবিধাভোগীদের দুঃসময়ে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়ে খুঁজে পাওয়া যাবে না।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, ড. আবদুর রাজ্জাক, শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন।


