
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের হৃদপিণ্ডের অবস্থা স্বাভাবিক নয়। তার উন্নত চিকিৎসার প্রয়োজন।
সোমবার (১৬ মে) সকালে সম্রাটের শারীরিক অবস্থার বিষয়ে এসব কথা জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।
তিনি বলেন, সম্রাটের হার্টের অবস্থা এখনও স্বাভাবিক হয়নি। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। সেটা দেশ অথবা বিদেশ, যে কোনো জায়গায় হতে পারে। সম্প্রতি তার চিকিৎসার বিষয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
তিনি আরও বলেন, সম্রাটের পরিবার চাইলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে পারবে।
তবে কবে নাগাদ সম্রাটকে হাসপাতাল থেকে ছাড়া হবে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান। তিনি জানান, সম্রাটকে হাসপাতাল থেকে ছাড়তে তিন-চারদিন সময় লাগতে পারে।
গত ১১ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন পান ক্যাসিনোকাণ্ডে আলোচিত সম্রাট। এর আগে অস্ত্র, মাদক ও অর্থপাচার মামলায়ও জামিন পাওয়ায় তিনি এখন পুরোপুরি মুক্ত। তবে তার শারীরিক অবস্থা ভালো না হওয়ায় এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।



