
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই ব-দ্বীপ রক্ষা করতে হবে এবং ব-দ্বীপ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত জীবন দেয়া সরকারের দায়িত্ব। তাছাড়া ডেল্টা প্ল্যানের অন্যতম লক্ষ্য হলো পরিবেশ রক্ষা করে উন্নয়ন করা।
রোববার (২২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের শতবর্ষী মহাপরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে গঠিত ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের সভায় এসব কথা বলেছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন,পরিকল্পিতভাবে কোনো পদক্ষেপ নিতে পারলে যে কোনো কঠিন কাজ সমাধান করা যায়। যমুনা সেতুর দৈর্ঘ্য কমানো হয়েছিল,যেটা পদ্মা সেতুর ক্ষেত্রে করা হয়নি। যে কারণে পদ্মা সেতু দীর্ঘ হয়েছে। কিন্তু এখানে নদীর বাফার জোনও রক্ষা করা হয়েছে।
তিনি বলেন,উন্নত দেশগুলো প্রকৃতির যে ক্ষতি করেছে তার প্রভাব বাংলাদেশের উপরও পড়েছে। ডেল্টা প্ল্যানের মধ্যে দিয়ে পরিবেশ রক্ষা করা সরকারের লক্ষ্য। সেই সাথে যেখানে সেখানে যেন শিল্প কারখানা না হয়, সেই লক্ষ্যে একশটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। জলাশয় বা বিল অঞ্চলে মাঠি ভরাট করে রাস্তা তৈরি না করে এলিভেটেড পদ্ধতিতে রাস্তা করার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন,ভূপ্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী ডেল্টা প্ল্যান বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে। বাংলাদেশটাকে চিনতে হবে,জানতে হবে।



