

মানুষ যখন ভালো অবস্থার দিকে যাচ্ছে, আর্থিকভাবে সচ্ছল হচ্ছে, সেই সময়ে আবার অগ্নিসন্ত্রাস, মার্কেটে আগুন, নানাভাবে মানুষকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। এটা যারা করছে তাদের প্রতি জাতির ঘৃণা। যারা এ অপরাধ করছে তাদের বিচার হবে— এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে গণভবনে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসে নিহত ব্যক্তির পরিবার ও আহতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।যারা হরতাল অবরোধের নামে অগ্নিসন্ত্রাস চালিয়েছে, তারাই এখন ঈদ সামনে রেখে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে কি না তা নিয়ে এ সময় সন্দেহ প্রকাশ করেন সরকার প্রধান। বললেন, কয়েকদিন ধরে হঠাৎ করে আগুনের ঘটনা বেড়ে গেলো। আমার মনে সন্দেহ হচ্ছে, এটাও নাশকতা কি না। যারা জীবন্ত মানুষকে গাড়ি-বাস-রিকশায় আগুন দিয়ে পোড়াতে পারে, এরা মানুষের ক্ষতি করাটাই জানে। ঈদের সময় মানুষ ব্যবসা বাণিজ্য করবে, হয়তো সেই পথটাও বন্ধ করে দিতে চেয়েছিল। আমার মনে হয়, এখানেও একটা ঘটনা আছে।দেশের উন্নয়নে বাধা দিতে বিএনপি ষড়যন্ত্র করছে উল্লেখ করে সবাইকে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সর্তক থাকতে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষ ও তাদের পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন তিনি।



