

দেশের মানুষ দুর্ভাগ্যক্রমে বেদনাদায়ক ঈদ উদযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। তবে সরকার গণমাধ্যমকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে, দেশ ভালো আছে বলে প্রচার চালাচ্ছে।শনিবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। আরও বলেন, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ন্যূনতম ঈদ উদযাপন করতে পারছে না জনগণ। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সংসদ গঠন করতে হবে। তাহলেই জনগণের মুক্তি মিলবে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুঃসময় শুরু হয়েছে। দেশে একটি সংকট চলছে। মিথ্যা কথা বলে, মিথ্যা প্রচারণার মাধ্যমে জোর করে এই সরকার ক্ষমতায় টিকে আছে। তাই মানুষকে আমরা জেগে ওঠার এবং এই দেশকে মুক্ত করার আহ্বান জানাচ্ছি।এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বেগম জিয়ার রোগমুক্তি ও কারামুক্তির জন্য দোয়া করা হয়।



