

পাবনার সন্তান মো. সাহাবুদ্দিন এখন দেশের নয়া রাষ্ট্রপ্রধান। ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। সেই সাথে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন মো. আবদুল হামিদ।দেশের ৫২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এক রাষ্ট্রপতিকে বিদায় জানিয়ে আরেকজনের কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে সোমবার (২৪ এপ্রিল)। এদিন বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রীতি অনুযায়ী শপথ শেষে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত।শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক আমলারা যোগ দেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরাও বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের স্ত্রী রেবেকা সুলতানা, ছেলে আরশাদ আদনানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।



