

ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।সোমবার (২৪ এপ্রিল) সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি ও খাদ্যশস্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উন্নয়ন দর্শনের বড় অংশজুড়ে রয়েছে কৃষি ও কৃষক। বাংলাদেশ ছাত্রলীগ দেশের তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানাচ্ছে, চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে; তারা যেন নিরবচ্ছিন্ন, নিরলস ভূমিকা পালন করে। অতীতের ন্যায় এ বছরও ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের কাছের বন্ধুতে পরিণত হবে।আরও বলা হয়, বাঙালির মহান মুক্তিসংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এ দেশের কৃষক ও ছাত্রসমাজ অস্ত্র হাতে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে শত্রুমুক্ত করেছে। ভাষা, ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে বঙ্গবন্ধু থেকে দেশরত্নের যে নিরন্তর সংগ্রাম তাতে নির্ভরযোগ্য সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে এ দেশের কৃষক ও ছাত্রসমাজ।



