

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে জাপান গেলেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট জাপান সময় মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশে মঙ্গলবার সকালে দেশ ছাড়েন সরকার প্রধান। প্রথমে তিনি জাপানে দ্বিপাক্ষিক সফর করবেন। এরপর যুক্তরাষ্ট্রে যাবেন বিশ্বব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দিতে। তারপর যুক্তরাজ্যে যাবেন রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে। মোট ১৫ দিনের সফর শেষে ৯ মে দেশে ফেরার কথা রয়েছে তার।উল্লেখ্য, জাপান সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষাসহ ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর দ্বিপাক্ষিক নয়।



