

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নয়া রাষ্ট্রপ্রধান মো. সাহাবুদ্দিন। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।এর আগে, এদিন পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া যান রাষ্ট্রপতি। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর জাতির পিতার সমাধিতে রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন মো. সাহাবুদ্দিন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ সময় রাষ্ট্রীয় স্যালুট প্রদান করে। এরপর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সেখানে কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতে অংশ নেন।বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের অন্যান্য শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন তিনি। দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।বুধবার সকাল সোয়া ১০টায় বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির গাড়িবহর যাত্রা শুরু করে। দুপুর ১২টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর সমাধি সৌধ প্রাঙ্গণে পৌঁছায় রাষ্ট্রপতির গাড়িবহর।টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর কর্নেল (অব.) ফারুক খান, শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ হেলাল উদ্দিন এবং সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় ও স্থানীয় রাজনৈতিক নেতাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।রাষ্ট্রপতির সফর সঙ্গী ছিলেন তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ও ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনিসহ পরিবারের অন্য সদস্যরা। নিকটাত্মীয়, রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন।টুঙ্গিপাড়া যাওয়ার পথে রাষ্ট্রপতি পদ্মা সেতুতে কয়েক মিনিট যাত্রা বিরতি করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন।



