

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের এবং কারাগারে প্রেরণের হিড়িক আরও তীব্র হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন তিনি। বলেন, বেপরোয়া গতিতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া ও গায়েবি মামলা দায়ের এবং জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর মাত্রা দেখলে মনে হয়, সরকার যেন বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম করার ক্ষমতা দিয়েছে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।বানোয়াট মামলা দায়ের, গ্রেফতার ও জামিন বাতিলের আতঙ্কে বিএনপি নেতাকর্মীরা এখন দুঃসহ জীবন অতিবাহিত করছেন বলে উল্লেখ করেন তিনি। জানান, তারা সর্বস্বান্ত হয়ে গেছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা ও বানোয়াট মামলায় আদালতে হাজিরা দিতে গেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লা ও ফতুল্লা থানা বিএনপির সদস্য বখতিয়ার সোহাগের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানসহ ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা এবং গায়েবি মামলা দায়েরের ঘটনা চলমান ভয়াবহ দুঃশাসনেরই ধারাবাহিকতা।



