

১০ দফা ২০ দফা নয়, দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ; এ কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার গঠনের পাশাপাশি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।শনিবার (২০ মে) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে বিএনপির জনসভায় তিনি এসব কথা বলেন। আরও বলেন, রংপুর থেকে যখন লালমনিরহাটে প্রবেশ করি তখন দেখি রাস্তাঘাট খুব খারাপ। সরকার বলছে উন্নয়ন উন্নয়ন। উন্নয়ন আওয়ামী লীগের ঘরে হচ্ছে, বাইরে নয়। জনগণের কোনো উন্নয়ন হয়নি, যা হয়েছে সব আওয়ামী লীগের। আওয়ামী লীগ নেতারা ব্যাংকের টাকা হাতিয়ে নিচ্ছেন আর দেশের বাইরে বাড়ি করছেন। ৩৫ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। এখন আমাদের দাবি, অবৈধ ফ্যাসিবাদ সরকারের পদত্যাগ। এরপর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন- ফয়সালা হবে রাজপথে। টেকব্যাক বাংলাদেশ। যে বাংলাদেশকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছিলাম। যে বাংলাদেশের জন্য বীর মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন সেই বাংলাদেশকে আমরা ফিরিয়ে আনবো।



