

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ কেবল বাংলাদেশে নয়, উপমহাদেশের মধ্যে অত্যন্ত ভালো। অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। ভোটের দিন এবং ফল ঘোষণার সময় পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।সোমবার (২২ মে) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বলেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে সবাই প্রচারণা চালাচ্ছেন। পুলিশ সুন্দরভাবে ভূমিকা পালন করছে।এই নির্বাচন কমিশনার জানিয়েছেন, কোনো প্রার্থীর এজেন্ট বা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনে অনিয়ম হলে কমিশন আগের চেয়ে আরো কঠোর হবে বলেও জানান তিনি।মো. আলমগীর বলেন, প্রতিটি নির্বাচনী বুথে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে। বুথের কার্যক্রম ঢাকা থেকে পর্যবেক্ষণ করবেন নির্বাচন কমিশনাররা।আগামী ২৫ মে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


