

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে। নির্বাচন নিয়ে বিএনপি যে মিথ্যাচার করেছে, তা মিথ্যা প্রমাণ হয়েছে; এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শুক্রবার (২৬ মে) বিকেলে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আরও বলেন, গাজীপুরে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হলে দেশের মানুষ যতোটা খুশি হতো তার চেয়ে বেশি খুশি হয়েছে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হওয়ায়।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় উল্লেখ করেন, আওয়ামী লীগ জোর করে নিজেদের প্রার্থীকে জেতাতে যায়নি। শেখ হাসিনা সবসময় সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচন সুষ্ঠু হয়েছে। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বিএনপির ভোট আরও কমে গেছে বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।


