গণতান্ত্রিক পরিবেশ না ফিরলে নিষেধাজ্ঞা আসতেই থাকবে: আমীর খসরুর দাবি
হেড অফ ডিজিটাল মিডিয়া


গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা না গেলে একের পর এক নিষেধাজ্ঞা আসতেই থাকবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে সরকার সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে। গাজীপুরের নির্বাচন নিয়ে অনেক কথা বলা যায়। একটা সুষ্ঠু নির্বাচন দেখাতে হবে, তাই গাজীপুরে সরকার সেটা দেখিয়েছে। নির্বাচনের আলোচনা আসছে পরে। প্রথমে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আগে নির্বাচনী আলোচনা একটি ব্যর্থ আলোচনা। যারা দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আগে নির্বাচনী আলোচনার কথা বলছেন, তারা এ সরকারের পক্ষে কাজ করছেন।যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য যে ভিসানীতি প্রণয়ন করা হয়েছে, তাতে গণমাধ্যমের দায়িত্ব ও নির্বাচন সুষ্ঠু করার কথা বলা হয়েছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, তার মানে হলো, সাংবাদিকদের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, বাকস্বাধীনতা কোনোটিই অর্জন সম্ভব নয়।


