

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। ১২৬টি ভোটকেন্দ্রের ভোট গণনা শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ ফয়জুল করিমকে ৫৩ হাজার ৪০৭ ভোটের বিশাল ব্যবধানে হারিয়ে বরিশাল সিটির নতুন নগর পিতা হলেন তিনি।সোমবারের (১২ জুন) ভোটে নৌকা প্রতীকে আবুল খায়ের আব্দুল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৭৫২ ভোট। আর, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ ফয়জুল করিম পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।এর আগে, সোমবার সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও দুপুর হতেই বদলে যায় পরিস্থিতি। হামলার অভিযোগ করেন হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ফয়জুল করিম। দুই পক্ষের কর্মীদের মধ্যে ঘটে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এ নিয়ে কিছুটা উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি।অপরদিকে, হাতপাখা প্রতীকের প্রার্থী ও তার কর্মীদের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগ তোলানে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট মো. আফজালুল করিম। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগও দিয়েছেন তিনি। পরে দু’পক্ষই প্রেস ব্রিফিং করে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলে।উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৯৯৫। এর মধ্যে নারী ভোটার ছিল ১ লাখ ৩৮ হাজার ৭১ জন; পুরুষ ভোটারের সংখ্যা তার চেয়ে ৩৯ হাজার কম।


