

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সাক্ষাতকালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। সরকার প্রধান রাষ্ট্রপতিকে তার সাম্প্রতিক বিদেশ সফরের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। মো. সাহাবুদ্দিন সফল সফরের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।প্রধানমন্ত্রীর এই সফরের ফলে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।এর আগে, প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এবং তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণও উপস্থিত ছিলেন।



