

গণঅধিকার পরিষদের নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তিন দেশে গিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বৈঠক করেছেন বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।বৃহস্পতিবার (২২ জুন) ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশকে আহ্বানও জানিয়েছেন।ইউসুফ রামাদান বলেছেন, এ ধরনের বৈঠক দেশের নিরাপত্তা ও হুমকির জন্য বড় হুমকি হতে পারে। ইসরায়েলের কাছ থেকে টাকা নেয়া কেউ এ দেশের মানুষের নেতা হতে পারে না।প্রসঙ্গত, এই বছরের শুরুতে খবর বের হয়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট ও লিকুদ পার্টির নেতা মেন্দি এম সাফাদির সাথে বৈঠক করেছেন নুর। সম্প্রতি দলের অপর শীর্ষ নেতা রেজা কিবরিয়াও বলেন, নুর মোসাদের সাথে বৈঠক করছেন। এমনিক অর্থনৈতিক লেনদেনের অভিযোগও তোলেন।এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নুর-মোসাদের তিন দফা বৈঠকের কথা জানালেন ফিলিস্তিন রাষ্ট্রদূত। ইউসুফ রামাদান উল্লেখ করেন, এ দেশের মানুষ সবসময় ইসরায়েলের বিরুদ্ধে। নুরের সাথে বৈঠকের ঘটনা তাই গুরুত্ব দিয়ে দেখার তাগিদ দেন তিনি।


