

আওয়ামী লীগ দীর্ঘদিন সরকারে থাকায় যারা আগে জামায়াত ও অন্যান্য দল সমর্থন করতো, তাদের মধ্যে অনেকে এখন নিজেদের ক্ষমতাসীন দলের লোক বলে পরিচয় দেয়; এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।মঙ্গলবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।মার্কিন ভিসানীতির প্রত্যাহার চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে তিন বাংলাদেশির মামলার আবেদনের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আমার কোনো ধারণা নেই। বিষয়টি ওনাদের জিজ্ঞেস করুন। এটা হয়ত মিডিয়ার বাহবা পাওয়ার জন্য কেউ করেছেন। এর মূল উদ্দেশ্য কী আমরা তা জানি না। বিষয়টি সম্পর্কে আমার কোনো ধারণা নেই।যারা ভিসা নীতির প্রত্যাহার চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা দায়ের করেছেন, তারা তো সামাজিক পরিচয়ে আওয়ামী লীগ— এমন প্রশ্নের জবাবে এ কে আব্দুল মোমেন বলেন, তারা সত্যি আওয়ামী লীগের সমর্থক নাকি নিজে নিজে আওয়ামী লীগ দাবি করে? আওয়ামী লীগ সরকারে থাকায় ইদানীং বহু লোক যারা আগে জামায়াত সমর্থন করতো, যারা আগে বিরোধী দল করত, তারা এখন নিজেকে আওয়ামী লীগের লোক বলে পরিচয় দিয়ে বেড়ায়। আর হয়তো আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে ছবি তুলে ফেলেছে, ছবি দেখিয়ে বলবে আমি আওয়ামী লীগ। এগুলো কিছু স্বার্থান্বেষী ও সুবিধাবাদী লোক করে।



