

আওয়ামী লীগ শুধু কথায় নয়, কাজের মাধ্যমে দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেছেন।শুক্রবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আরও বলেন, বর্তমান সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। কাজের মাধ্যমে বারবার প্রমাণ করেছে এই সরকার শুধু মুখে বড় বড় কথা বলেন না।ওবায়দুল কাদের বলেন, এই সরকারের মূল লক্ষ্য বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা। আর আগামী অক্টোবরের শেষে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর জনসাধারণের জন্য তা উন্মুক্ত করা পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।মেট্রোরেলকে জাতির বিশাল সম্পদ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সব কাজে রাজনীতি যুক্ত করা উচিত নয়। রাজনীতির জায়গায় রাজনীতি। আর রাজনীতি করলেই এ ধরনের পরিকল্পনা করা যায় না। ভিশন থাকতে হয়। সে ভিশন আছে বলেই শেখ হাসিনার সরকার এ ধরনের মেগা প্রকল্প একে একে করতে পারছে। শুধু মুখে বলিনি, বাস্তবায়ন করে জাতিকে দেখাচ্ছি।


