

বিএনপির আন্দোলন চলমান আছে। সেটিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আমরা কাজ করছি, এ কথা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।শুক্রবার (৭ জুলাই) বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে বিএনপির লিয়াঁজো কমিটি।মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী, লুটেরা, গণবিরোধী, অবৈধভাবে জোর করে, সংবিধান লঙ্ঘন করে, শুধুমাত্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই সরকার ক্ষমতায় বসে আছে। তারা জনগণের অধিকারগুলো কেড়ে নিয়েছে। বিশেষ করে ভোটের অধিকার, কথা বলার অধিকার, লেখার অধিকার... সমস্ত কিছু কেড়ে নিয়েছে। আমরা এই লুটেরাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। আমরা প্রায় ৩৬টি দল একমত হয়েছি। বিএনপি মহাসচিব বলেন, আজকে আমাদের আলোচনা হয়েছে যুগপৎ আন্দোলন ও সামনে কী ধরনের কর্মসূচি আসবে সে বিষয়ে। সব দলের দাবিগুলোকে নিয়ে এক দফার আন্দোলন রূপে কীভাবে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।


