

'আগামী ১২ তারিখে ঢাকায় সমাবেশ হবে। এ সমাবেশ থেকে ঘোষণা আসবে সরকার পরিবর্তনের, সরকারকে উৎখাত করার, খালেদা জিয়াকে কারামুক্ত করার, তারেক রহমানকে ফিরিয়ে আনার। সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।'রোববার (৯ জুলাই) বিকেলে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। আরও বলেন, আওয়ামী লীগ বলে তারা নাকি সবচেয়ে ভালো নির্বাচন করতে পারে। এটা ভুল, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতেই জানে না। এটা তাদের চরিত্রেই নেই।বিএনপি মহাসচিব বলেন, আজকে সমগ্র জাতি সংকটের মুখে আছে। এই জাতির অস্তিত্ব থাকবে কি না, স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে পারব কি না, সেটা এখন সামনে এসে দাঁড়িয়েছে। সামনে আরেকটি নির্বাচন এসে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে আবারও ক্ষমতাকে সম্প্রসারিত করার চেষ্টা করছে। তারা বলছে, সংবিধান দিয়ে নির্বাচন হবে, যে সংবিধান তারা অসাংবিধানিকভাবে বেআইনিভাবে কেটে ছিঁড়ে তৈরি করে রেখেছে।মির্জা ফখরুলন আরও বলেন, সরকার বিদ্যুৎ খাতে ১ লাখ ৪৮ কোটি টাকা এক বছরে লোকসান দিয়েছে। পদ্মা সেতু ১০ হাজার কোটি টাকায় করা যেতো, সেখানে ৩০ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। বছরের পর বছর সারের দাম বাড়তে থাকে। করোনার সময় লুটপাট হয়েছে, শিক্ষা খাতে লুটপাট হয়েছে। আমরা দুইটি নির্বাচন দেখেছি। প্রত্যেকটিতে আওয়ামী লীগ মানুষকে বোকা বানিয়েছে। এ নির্বাচন ব্যবস্থাতে কখনোই বাংলাদেশের শান্তি আসবে না স্থিতিশীলতা আসবে না। তাই নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা করতে হবে।তিনি বলেন, ৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম। এখানে অনেকে আছে যারা যুদ্ধ করেছেন। কেন যুদ্ধ করেছিলেন, একটিমাত্র কারণে, আমরা সকলের মত প্রকাশ করব, নিজেদের অধিকারকে নিশ্চিত করব, সকলের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, চিকিৎসার উন্নতি হবে।



