

এ দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ নিয়ে মার্কিন প্রতিনিধি দলের কোনো বক্তব্য নেই। তবে রাজনৈতিক সংকট নিরাসনে সংলাপ ইতিবাচক বলে মনে করছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক শীর্ষ কর্মকর্তা আজরা জেয়া।বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। আরও বলেন, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের কাছ থেকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনের আশ্বাস পেয়েছে যুক্তরাষ্ট্র।আজরা জেয়া বলেন, নির্বাচন কবে হবে সেটি ঠিক করবে এ দেশের মানুষ। বাংলাদেশের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও জোরদার করতে চায় ওয়াশিংটন। টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো পরিবেশ এখনও হয়নি। তা তৈরিতে বাংলাদেশের পাশে থাকবে মার্কিন সরকার।আগামী নির্বাচন ও র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে বলে এ সময় ব্রিফিংয়ে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।



