

মিছিল ও সভা-সমাবেশ করলেও হরতাল-অবরোধ দেয়নি বিএনপি। গণঅভ্যুত্থানে সরকারের পতন হবে। জনগণকে সঙ্গে নিয়ে সরকারের সব দফতর দখল করে নেয়া হবে; এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (১৪ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে সবাইকে বোকা বানিয়ে বিচারপতি খায়রুল হকের ওপর ভর করে পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দেয়। কারণ তত্ত্বাবধায়ক সরকার থাকলে, নিরপেক্ষ সরকার থাকলে, নির্দলীয় সরকার থাকলে আওয়ামী লীগের ভাত নেই। ত্রিশটি আসনও পেত না তারা।আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, আপনাদের সময় শেষ। আমি পরিষ্কারভাবে বলেছি। আবারও বলছি- ভালো ছেলের মতো, সুবোধ বালক-বালিকার মতো পদত্যাগ করুন, সংসদ ভেঙে দিন। ভালোয় ভালোয় পদত্যাগ করেন তো ভালো। তা না হলে ফয়সালা হবে রাজপথে।


