

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলায় ১৩ রাষ্ট্রদূত যে বিবৃতি দিয়েছেন, তাতে সুস্পষ্টভাবে ভিয়েনা কনভেনশন নীতিমালা লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ৷বৃহস্পতিবার (২০ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট প্রকাশিত ‘সাংবাদিকের স্মৃতিভাষ্যে বঙ্গবন্ধু’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের কয়েকজন রাষ্ট্রদূত যে বিবৃতি দিয়েছেন সে বিষয়ে মতামত জানতে চাইলে এ কথা বলেন তথ্যমন্ত্রী।হাছান মাহমুদ বলেন, রাষ্ট্রদূতরা রাজনৈতিক দলের মতো আচরণ করছেন। তাদের বলবো ভিয়েনা কনভেনশন মেনে চলার। একইসঙ্গে ফখরুলের বক্তব্যে এটি স্পষ্ট যে তারা সহিংসতার রাজনীতি করতে চান, যা তারা শুরুও করেছেন। তবে সরকার তাদের কঠোর হস্তে দমন করবে।এ সময় প্রশ্ন রেখে তথ্যমন্ত্রী বলেন, ভারতে কিংবা পাকিস্তানে যখন সহিংসতা হয় বা আশপাশের দেশে যখন সহিংসতা হয় সেখানে তো রাষ্ট্রদূতরা এভাবে বিবৃতি দেয় না। আমাদের দেশে কেন এভাবে বিবৃতি দেওয়া হচ্ছে। এগুলো আসলে আমাদের দেশের কিছু রাজনৈতিকদল, সুশীল সমাজের কেউ কেউ তাদের প্ররোচনা করেন। রাষ্ট্রদূতদের যারা প্রভাবিত করে, তারা-ই এ ক্ষেত্রে দায়ী।



