

আগামী সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের নির্বাচন হবে আমাদের নিয়মে, সংবিধানে যেভাবে লেখা আছে। এর বাইরে কারও চক্রান্তমূলক অভিলাষ বাস্তবায়ন হতে দেবে না আওয়ামী লীগ।শুক্রবার (২১ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর যৌথ সভায় এ মন্তব্য করেন তিনি। বললেন, বিএনপির দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ মানে সংবিধানের চরম লঙ্ঘন। আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি পরিকল্পিতভাবে সংঘর্ষের ঘটনা ঘটিয়ে বিদেশিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। ঢাকায় আওয়ামী লীগ আর বিএনপির ৫০টির বেশি সভা হয়েছে। তবে কোথাও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ঢাকার বাইরে পরিকল্পিতভাবে সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছে বিএনপি।ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশ নিয়ে বড় বড় দেশের মাথা ব্যথা শুরু হয়েছে। বিএনপির দফার মতো বিদেশিরাও দফায় দফায় বাংলাদেশে আসা শুরু করেছে। কিন্তু সংবিধান অনুযায়ীই দেশের নির্বাচন হবে।


