

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর) ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর পল্টনের প্রিতম-জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।পল্টন থানা পুলিশ শুক্রবার (২১ জুলাই) মামলার বিষয়ে নিশ্চিত করেন। মামলার এজাহারে ১৭ জনকে আসামি করা হয়েছে। আর অজ্ঞাতনামা ৭৫ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে নুরুল হক (নুর) নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভবনের কলাপসিবল গেট ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের বের করে দেয়। সন্ধ্যার পর ভবনের মালিক ভবনটিতে পুনরায় নতুন গেট স্থাপন করে তালা লাগিয়ে দেন।



