

আওয়ামী লীগের বর্ধিত সভা ৩০ জুলাইয়ের পরিবর্তে ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। শুক্রবার (২১ জুলাই) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।এর আগে, গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, আগামী ৩০ জুলাই রোববার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা বর্ধিত সভাযর সভাপতিত্ব করবেন।সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্যরা, জেলা/মহানগর ও উপজেলা /থানা/ পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা, জাতীয় সংসদের দলীয় সদস্যরা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়ররা এবং সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।জেলা/মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংশ্লিষ্ট জেলা/মহানগর শাখার অধীন উল্লিখিত নেতাদের নামের তালিকা যৌথ স্বাক্ষরে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর জন্যও বলা হয়। একইসঙ্গে বর্ধিত সভায় সবাইকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকার জন্য জরুরি সাংগঠনিক নির্দেশনা দেন ওবায়দুল কাদের।


