

দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সামনে একটা ঘোর অন্ধকার। কী হবে কেউ জানে না।রোববার (২৩ জুলাই) রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও বলেন, নির্বাচন নিয়ে সরকার কঠিন অবস্থান নিছে। সংবিধানের অধীনে নির্বাচন করতে হবে। তারা এ অবস্থান থেকে সরবে না। বর্তমান সরকারের অধীনে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, সেটা ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে দেশবাসী দেখেছে। সরকারের অধীনে নির্বাচন হলে কী ধরনের নির্বাচন হবে সেটা দেশবাসী ও বিশ্ববাসী দেখেছে।জি এম কাদের বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে এক লোকই ১০বার করে ভোট দিয়েছে। এ নির্বাচনে জনগণের সম্পৃক্ততা ছিল না। সরকার বলছে ১১ শতাংশ ভোট পড়েছে। বেসরকারিভাবে আমাদের খবর হলো, ৫-৬ শতাংশ লোকও হয়নি। হয়তো ৫ শতাংশ হতে পারে। বাকিগুলো তারা জোর করে ব্যালট করছে (সিল মেরেছে)।তিনি এ-ও বলেছেন, সংবিধান বুঝি না, তত্ত্বাবধায়ক সরকার বুঝি না। নির্বাচন হতে হবে বর্তমান সরকারের নিয়ন্ত্রণের বাইরে।


