

জামায়াতে ইসলামী আগামী ১ আগস্ট ঢাকায় সমাবেশসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। গত সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলন করে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন। তিন দিনের কর্মসূচির মধ্যে দলটি ঢাকায় সমাবেশের আগে ৩০ জুলাই জেলা শহরগুলোতে মিছিল করবে।তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১ আগস্ট মঙ্গলবার দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ করবে ইসলামী সমমনা এ দলটি। এর আগে ২৮ জুলাই সব মহানগরে মিছিলের কর্মসূচিও রেখেছে জামায়াত। কর্মসূচি ঘোষণা করতে গিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের স্টাইলে নির্বাচন করার ষড়যন্ত্র করছে সরকার। এ লক্ষ্যে সরকার প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে।মুজিবুর রহমান অভিযোগ করেন, জামায়াতে ইসলামীকে সভা–সমাবেশ ও মিছিল করতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের কাছে লিখিত আবেদন করার পরও সম্প্রতি সিলেট ও চট্টগ্রামে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। বরং জামায়াতের নেতা–কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।এদিকে ১ আগস্টের সমাবেশকে শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে পুলিশের কাছে সহায়তা চেয়ে চিঠি দিয়েছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী (উত্তর+দক্ষিণ) ই-মেইলে এ আবেদন করেছে।আবেদনে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১ আগস্ট মঙ্গলবার দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।



