রাজনীতি


দুই দলের সমাবেশ ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৭ জুলাই ২০২৩, ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

দুই দলের সমাবেশ ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা
রাজপথ দখলে রাখতে আওয়ামী লীগ ও বিএনপির পালটাপালটি কর্মসূচি ঘিরে সংঘর্ষের আশঙ্কা বিরাজ করছে গোটা দেশে। সম্ভাব্য সংঘর্ষ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগেই বুধবার সন্ধ্যার পর থেকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সেখানে পুলিশ ও র‍্যাবকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সেখানে এপিসি ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ ও র‍্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ করছে। 

অন্যদিকে রাজধানীর প্রবেশগেটগুলোতে চেকপোস্ট বসিয়ে প্রতিটি বাসে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও র‍্যাব। রাজধানীর আমিনবাজার, আব্দুল্লাহপুর, পোস্তগোলা, বাবুবাজার ব্রিজ, যাত্রাবাড়ী, পূর্বাচল ৩০০ ফিট রোড, আশুলিয়া, কামারপাড়া, বছিলা, গাবতলী, চিটাগাং রোডসহ গোটা রাজধানীতে শতাধিক চেকপোস্ট বসিয়েছে পুলিশ ও র‍্যাব। বুধবার সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন রুটে সিটি সার্ভিসের বাস চলাচলের সংখ্যা কমে যায়। আবাসিক হোটেলগুলোর বোর্ডার তালিকা ধরে সন্দেহভাজন কক্ষে তল্লাশি চালায় পুলিশ। কমলাপুর রেলস্টেশন ও বিমানবন্দর রেলস্টেশনে র‍্যাব ও পুলিশের অন্তত শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার ফারুক হোসেন বলেন, কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি বাসেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কেউ যেন করতে না পারে, সেজন্য সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

দুই দলের পালটাপালটি কর্মসূচি ঘোষণায় বুধবার থেকেই সারা দেশে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে জনমনে। সমাবেশের দিন রাজধানীর পল্টন, গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ বিভিন্ন এলাকায় পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার অন্তত ১৫ হাজার সদস্য নিয়োজিত থাকবেন।

ডিএমপি পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পালটাপালটি সমাবেশকে কেন্দ্র করে আগুন সন্ত্রাসের আশঙ্কায় পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে যেন জনগণের ভোগান্তি না হয়, হলে বাধ্য হয়ে এসব কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯টি দলের আবেদন পেয়েছি তাদের সমাবেশের জন্য। আমরা পর্যালোচনা করে কয়েকটি পার্টিকে অনুমতি দেব। ওয়ার্কিং ডে তে বিশাল জনসভা করে লাখ লাখ লোককে রাস্তায় আটকে রাখার মতো বিষয়গুলো বিবেচনা করতে হবে। তারা (রাজনৈতিক দল) যেন ভবিষ্যতে ওয়ার্কিং ডে তে না দিয়ে বন্ধের দিনগুলোতে কর্মসূচি গ্রহণ করেন। আর যারা সমাবেশে আসবেন তারা যেন লাঠিসোঁটা বা ব্যাগ না নিয়ে আসেন।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সমাবেশ ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়মিত প্যাট্রলিং ও চেকপোস্ট স্থাপনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করা হচ্ছে।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সমাবেশ ঘিরে গুজবসহ সাইবার স্পেসে যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার প্যাট্রলিং (নজরদারি) বাড়ানো হয়েছে। সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কিছু সময় আগে থেকে মোবাইল অপারেটরদের টাওয়ারগুলোর ফ্রিকোয়েন্সে সীমাবদ্ধতা আনা হবে।

এ বিষয়ে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, সাইবার স্পেসে নিয়মিত নজরদারি করছে ডিবি। গুজবসহ সাইবার স্পেসে যেকোনো ধরনের অপরাধ ঘটলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

বিএনপি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।