

আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ডাকা বৃহস্পতিবারের সমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার করা হবে বলে জানানো হয়েছে।শুক্রবার (২৮ জুলাই) বেলা ৩টায় শেরেবাংলা নগরের মেলা মাঠে তিন সংগঠনের এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার রাত নয়টার দিকে বিএনপির বৃহস্পতিবারের মহাসমাবেশ পেছানোর ঘোষণার পরপরই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ তাদের সমাবেশ পেছানোর ঘোষণা দিল। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বলেন, “শেরেবাংলা নগরের মেলা মাঠে আয়োজিত ‘তারুণ্যের জয়যাত্রা' জন্য নির্ধারিত মাঠটি প্রস্তুত করতে আরও একদিন সময় লাগবে। তাই সমাবেশ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।”গত ২২ জুলাই ঢাকায় বিএনপির তিন সহযোগী সংগঠন “তারুণ্যের সমাবেশ” করে। সেখান থেকেই ২৭ জুলাই মহাসমাবেশের ডাক দেওয়া হয়। একইদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের সমাবেশ থেকে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এই সমাবেশ করার কথা ছিল ২৪ জুলাই। ২৭ জুলাই সমাবেশের স্থান নিয়ে পুলিশের অনুমতি পায়নি বিএনপি। বরং পুলিশের পক্ষ থেকে তাদের ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে দলটি আজ সমাবেশ এক দিন পিছিয়ে দেওয়ার ঘোষণা দেয়। ২৮ জুলাই বিএনপি ঢাকার নয়াপল্টনে তাদের কার্যালয়ের সামনে সমাবেশ করবে। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ তাদের সমাবেশ ২৭ জুলাই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে করার কথা জানিয়েছিল। বিএনপি সমাবেশ পেছানোর ঘোষণা দেওয়ার পর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ তাদের সমাবেশ ২৮ জুলাই শেরেবাংলা নগরে করার ঘোষণা দিল।২০২২ সালের ডিসেম্বর থেকেই ক্ষমতাসীন ও বিরোধী দল ঢাকাসহ সারা দেশে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে আসছে। বিএনপিসহ বিরোধীরা কর্মসূচি ঘোষণা করলে সেদিন রাজপথে কর্মসূচি রাখছে ক্ষমতাসীন দলও।



