বড় দুই দলের সমাবেশের অনুমতি নিয়ে টালবাহানা; 'কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি': স্বরাষ্ট্রমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বিএনপি এবং আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ রাজধানীতে শুক্রবার সমাবেশের ঘোষণা দিয়েছেন। গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করে সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে তিনি এসব কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, শুক্রবার সাত থেকে আটটি তাজিয়া মিছিল আছে। নিরাপত্তার হুমকি থাকতে পারে। সেটিও গুরুত্বপূর্ণ। এ ছাড়া শুক্রবার দুটি ভিভিআইপি মুভমেন্ট আছে। আমরা এসব বিষয় সামনে রেখে চিন্তা করছি। তিনি বলেন, সব সরকারি ছুটির দিন এক নয়। আমরা গোয়েন্দা সংস্থা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে জানাব। ডিএমপি কমিশনার আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের কোনো গণগ্রেপ্তার করা হচ্ছে না। যাদের বিরুদ্ধে পরোয়ানা আছে, মামলা আছে; তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে।এদিকে একই দিনে ও কাছাকাছি সময়ে রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘সমাবেশ’ এবং বিএনপির ‘মহাসমাবেশ’ ঘিরে দেশ জুড়ে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। তবে এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে একই শর্তে আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে। কেন একই দিনে সমাবেশ, সে প্রশ্নের উত্তর দেবে রাজনৈতিক নেতারা। তিনি বলেন, রাজপথে সমাবেশ না করতে এবং রাস্তায় সমাবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানাই। কেউ রাজপথে সমাবেশ করলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। কোনো সহিংসতা ঘটলে সে দায়ও নিতে হবে।



