অবস্থান কর্মসূচির অনুমতি পায়নি আওয়ামী লীগ-বিএনপি, নিজেদের অবস্থানে অনড় বিএনপি
হেড অফ ডিজিটাল মিডিয়া


ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে ঢাকার প্রবেশমুখে শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালনের অনুমতি পায়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। শুক্রবার (২৮ জুলাই) বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন ঢাকার সব প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিল।ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, “রাজনৈতিক দলগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে শনিবারের অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি।”তিনি বলেন, “আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় আগামীকালের সব রাজনৈতিক দলের অবস্থান কমসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি।”এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করার কথা জানিয়েছে বিএনপিসহ দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরা। বিএনপির সূত্রগুলো বলছে, পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। সে অনুযায়ী কর্মসূচির পূর্ব নির্ধারিত স্থানে যাবেন নেতাকর্মীরা। বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করবে। বিএনপি কর্মসূচি ঘোষণার পর ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শান্তি সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগও। কিন্তু ডিএমপি থেকে অনুমতি না পাওয়ায় অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।আওয়ামী লীগ নেতারা বলেছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি না পাওয়ায় আইনের প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি স্থগিত করেছেন তারা। তবে কর্মসূচি স্থগিত করলেও বিরোধীরা মাঠে নামলে বসে থাকবেন না। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে দাঁত ভাঙা জবাব দিতে সতর্ক অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন তারা।


