

রাজধানীর শ্যামলীতে পুলিশের গাড়িসহ বাসে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ১টার দিকে শ্যামলী শিশু পার্কের সামনে ১টি বাস, ১টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, একদল লোক মিছিল নিয়ে এসে ১টি বাস ও ১টি মোটরসাইকেলে আগুন দেয়। তারপর মিছিল নিয়ে টার্নিং পয়েন্টে এসে পুলিশের গাড়িতেও আগুন দেয়। এছাড়া পুলিশের গাড়িসহ আরও ৫-৬টি গাড়ি ভাঙচুর করেছে তারা।তারা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়। শেরে বাংলা থানার ডিউটি অফিসার ইশরাত জাহান বলেন, 'ভাঙচুর ও আগুনের ঘটনার খবর পেয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যাচ্ছেন।' মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা বলেন, 'আগুনের খবর পেয়েছিলাম। যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে।'এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় প্রায় ১ ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে।জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টায় মাতুয়াইলে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে পুলিশ তাদের সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় এক পথচারী গুলিবিদ্ধ হন।দুপুর সাড়ে ১২টার দিকে ২টি বাসে আগুন দেওয়া হয়। এর পর দুপুর ১টার দিকে আরও একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। উভয় পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।এ ছাড়াও রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কে বা কারা এ গাড়িটি ভেঙেছে সে সম্পর্কে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।



